জয়িতা চট্টোপাধ্যায়

অনেক মিথ্যের মণিমুক্তোর ভেতর লুকিয়ে রেখেছি 
তার উপেক্ষার ভাষা।

অন্ধকার সিন্দুকে জমেছে আলোর মতো
তার না-বলা কথা
অদৃশ্য বৃষ্টি হয়েছে সেখানে বারবার,
তাতে মাটি ভেজেনি
কিন্তু বুকের দেওয়ালে ফুটেছে
নিঃসঙ্গতার শ্যাওলা।

আমি সেইসব লাভ, ক্ষতি, গুণ, ভাগ কুড়িয়ে এনেছি চুপচাপ
শব্দের পরে
তারপর,
মিথ্যের কাচে মুড়ে তুলে রেখেছি ওদের
নিঃস্ব শোকেসে।

আজ কাছে এসেছে কষ্ট
ছুঁয়েছে আমাকে

যেভাবে বহুদিন কেউ ছোঁয়নি আমাকে।

Comments