অপরিচিত দ্বীপে নিজের নামহীন সুটকেস নিয়ে একা-একা দাঁড়িয়ে থাকা এই নির্জন। হাতে কে ধরিয়ে দিয়ে গেছে কেশব নাগের অঙ্কের বই। তোমরা কি জানো পতনমুখর ধুলোদের কী কাজে আসবে একটা তেল চুকচুকে লাঠি!
বালির স্তূপ থেকে ঝরে পড়ছে সুখ ও অসুখের ভান করা দুঃখ। আমি তো কতবার একটু ফাঁকা হতে চেয়ে জানলা দিয়ে রোদ্দুর গলিয়ে দিয়েছি। হাত ধরে কেউ-কেউ জিজ্ঞাসা করেছে, তুমিই কি মিষ্টির গন্ধ, তুমিই কি সুখ-দুঃখের চেনা বিপদ?
আমি বলেছি অপেক্ষা করো, ঝাপসা তালুতে ম্যাপেল পাতা ঘষে-ঘষে উত্তরণের রঙনির্ণয়টুকু শুধু বাকি।
সবাই দেখে বলবে, ও তো মাছের চোখ, ও তো তপ্ত কাঁচের অপ্রয়োজনীয়তা; শুধু আমিই জানবো হীরের টুকরো গলিয়ে নিক্ষিপ্ত রোদ্দুরের মাহাত্ম্য। 'সহ্য' আর 'অসহ্য'-র মাঝামাঝি পাশ ফিরে ঘুমিয়ে পড়বে একমুঠো নিঝুম কাদা।
Comments
Post a Comment