মনোনীতা চক্রবর্তী

তোমাকে ঘুমিয়ে থাকতে দেখেছিলাম—
তবু ঘরের ভেতর একটা সাদা নাইটগাউন
এখনও হাওয়ায় দুলে ওঠে নিঃশব্দে।
প্রথমবার ও শেষবারের মতো দেখলাম 
সাদা নাইটগাউন পরা, 
ঘুমিয়ে আছো তুমি। কত-কত যে চেনা! 
কত ঝাপসা জাপটে রাখছিল চোখের অলিগলি, বারান্দা! 
কিন্তু কেন এত মায়া আমার!
তুমি কি জেগে থাকতে পারতে না?
ঘুমিয়ে থাকতেই কেন দেখলাম! কেন!
যেন বহুজন্মের চেনা কেউ!
ক্লান্ত আলোয় একটু নিষ্পাপ চোখ বুজেছে—
যেন আলোক-রেখাখানি…
ক্লাসরুম ছেয়ে ভয়াবহ বৃষ্টি…সব তোমার মুখ হয়ে
ঝাপসা কুয়াশায় ফিরে আসে।
আমি শুধু পুনরাবৃত্তির কালো ছায়া থেকে
তোমাকে সরিয়ে রেখেছি—একটি অক্ষয় পাতার ভিতর,
তুমি আর ফিরলে না…মধ্যরাত থেকে ভরাদুপুর জুড়ে
শুধু ঘরভর্তি রেখে গেলে 
সহস্র পোড়া রাত, ছায়াহীন আহত উড়ান...

Comments

  1. আহত ছায়া উড়ান। চমৎকার লিখেছ।

    ReplyDelete

Post a Comment